টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন নানা জল্পনা চলছে, ঠিক সেই সময় নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক প্রস্তাব। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের খবর প্রকাশ পেলেও বিষয়টি নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড, জানিয়ে দিয়েছে, আইসিসি শ্রীলঙ্কা থেকে তাদের ম্যাচ সরাচ্ছে না।
ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে, নির্ধারিত সূচি থেকে আমাদের সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবো।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের সঙ্গী সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ক্যান্ডি ও কলম্বোয়।
অন্যদিকে গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় ভারত সফরে যাবে না বাংলাদেশ।
শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি, সীমিত লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘সর্বনিম্ন লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’
একই সঙ্গে খেলোয়াড়, দর্শক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বিসিবি। এ বিষয়ে আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যেতে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই সম্মত হয়েছে।




Comments